২৫ ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে ধর্মনগরে কংগ্রেসের নির্বাচনী মিছিল, শক্তি প্রদর্শনের চেষ্টা
আসন্ন পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ধর্মনগরের রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। শাসকদল বিজেপির পাশাপাশি বিরোধী সিপিআইএম ও জাতীয় কংগ্রেসও নির্বাচনী প্রচারে নিজেদের সাংগঠনিক শক্তি তুলে ধরতে সক্রিয়। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছতেই শনিবার রাজপথে নির্বাচনী মিছিলের আয়োজন করল ধর্মনগর জেলা কংগ্রেস।

এদিন দুপুর ১২টা নাগাদ জেলা কংগ্রেসের উদ্যোগে ২৫টি ওয়ার্ডের মনোনীত প্রার্থীদের নিয়ে মিছিলটি জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলের মাধ্যমে শহরের প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী প্রচারের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ সঞ্চারের চেষ্টা করেন কংগ্রেস নেতৃত্ব।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মনগর জেলা কংগ্রেস সভাপতি নিরুপম দে, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সদস্য চয়ন ভট্টাচার্য, কেবল কান্তি নন্দী-সহ ২৫টি ওয়ার্ডের মনোনীত প্রার্থীরা। মিছিলকে কেন্দ্র করে কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
পুর নির্বাচনকে সামনে রেখে ২৫টি ওয়ার্ডের প্রার্থীদের একত্রিত করে এই মিছিলের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক উপস্থিতি ও নির্বাচনী প্রস্তুতির বার্তা দিতে চেয়েছে জেলা কংগ্রেস। তবে রাজপথের এই জমায়েত ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলবে, তার উত্তর মিলবে নির্বাচনের ফলাফলে।