ব্রেকিংপ্রথম পাতা

১৭ বছর পর কৈলাসহরে আসছেন শ্রীশ্রী দাদামনি, ১৩ নভেম্বর থেকে তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান

শুক্রবার কৈলাসহরে শুভ পদার্পণ করতে চলেছেন নিখিল বিশ্ব অখণ্ড সংঘের প্রধান পরম পূজনীয় শ্রীশ্রী দাদামনি (তপন ব্রহ্মচারীজি)। তাঁর আগমনকে কেন্দ্র করে ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত একাধিক ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সহযোগিতায় এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Pratibadi Kalam Newsroom2 মিনিট পড়া
১৭ বছর পর কৈলাসহরে আসছেন শ্রীশ্রী দাদামনি, ১৩ নভেম্বর থেকে তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান

দীর্ঘ ১৭ বছর পর আগামী ১৩ নভেম্বর, শুক্রবার কৈলাসহরে শুভ পদার্পণ করতে চলেছেন নিখিল বিশ্ব অখণ্ড সংঘের প্রধান পরম পূজনীয় শ্রীশ্রী দাদামনি (তপন ব্রহ্মচারীজি)। তাঁর আগমনকে কেন্দ্র করে ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত একাধিক ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সহযোগিতায় এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

এই উপলক্ষে বৃহস্পতিবার কৈলাসহরের সরূপানন্দ সরণিস্থিত অযাচক আশ্রমে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা সংহিত রাজ্য সংগঠনের সহ-সম্পাদক বিদ্যুৎ বরণ দেবচৌধুরী, উত্তর ত্রিপুরা জেলা সংগঠনের যুগ্ম সম্পাদক অসীম বিকাশ ধর, কৈলাসহর আঞ্চলিক অখণ্ড সংগঠনের সহ-সভাপতি শ্যামল দাস, কার্যকরী সভাপতি মুরারি মোহন সরকার, সম্পাদক সুনির্মল দেব-সহ অন্যান্যরা।

সাংবাদিক সম্মেলনে কর্মসূচির বিস্তারিত সূচি তুলে ধরে শ্যামল দাস জানান, ১৩ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে কুমারঘাট থেকে কৈলাসহরের উদ্দেশে যাত্রা করবেন শ্রীশ্রী দাদামনি। বিকেল ৩টায় পাইতুরবাজার থেকে ট্যাবলো, বাইক ও গাড়ির শোভাযাত্রা এবং হরি ওঁ সংকীর্তনের মাধ্যমে তাঁকে নিয়ে নগর পরিক্রমা করা হবে। এরপর নির্ধারিত স্থানে তাঁকে বরণ করে নেওয়া হবে। ওই দিন সন্ধ্যায় কৈলাসহরের সরূপানন্দ সরণিস্থিত অযাচক আশ্রমে ভক্তদের দর্শন দেবেন তিনি।

১৪ নভেম্বর সকাল ৯টা থেকে নবদীক্ষার্থীদের দীক্ষাদান, উপনয়ন ও হাতেখড়ি কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাশাপাশি থাকবে হরি ওঁ সংকীর্তন ও ধর্মীয় আলোচনা। পরে ভক্তদের দর্শনদান এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। ১৫ নভেম্বর, রবিবার সকাল ১০টায় ধর্মনগরের উদ্দেশে কৈলাসহর ত্যাগ করবেন শ্রীশ্রী দাদামনি।

শ্যামল দাস আরও জানান, অখণ্ড আদর্শ ও চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা এবং অখণ্ড সংঘ, অযাচক আশ্রম ও দ্য মাল্টিভার্সিটির প্রতিষ্ঠাতা পরম পূজনীয় শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব (শ্রীশ্রী বাবামনি) এবং তাঁর মানসকন্যা মহাসন্ন্যাসিনী পরম পূজনীয়া শ্রীশ্রী সংহিতা দেবী (শ্রীশ্রী মামনি)-র আদর্শ ও উত্তরাধিকারের ধারক হিসেবে বর্তমান নিখিল বিশ্ব অখণ্ড সংঘের প্রধান শ্রীশ্রী তপন ব্রহ্মচারী (শ্রীশ্রী দাদামনি) ভক্তদের কাছে বিশেষ শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত।

তাঁর আগমনকে ঘিরে ইতিমধ্যেই কৈলাসহর শহরজুড়ে প্রচার ও প্রস্তুতি শুরু হয়েছে। শহরে ইতিমধ্যে বেশ কয়েকটি রেলিও অনুষ্ঠিত হয়েছে। শ্রীশ্রী দাদামনির আগমনকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তিন দিনব্যাপী সমস্ত ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের উপস্থিতি, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন উদ্যোক্তারা।