ব্রেকিংরাজনীতি

সোনামুড়ার বিভিন্ন স্থানে সিপিআইএমের উদ্যোগে ১১০তম নভেম্বর বিপ্লব দিবস পালন

গোটা রাজ্যের সঙ্গে সোনামুড়া মহকুমার বিভিন্ন স্থানে সিপিআইএমের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ১১০তম মহান নভেম্বর বিপ্লব দিবস। শনিবার সকালে মহকুমার রবীন্দ্রনগর, নলছর এবং সোনামুড়া প্রাণকেন্দ্র এলাকার পার্টি অফিস প্রাঙ্গণে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

Pratibadi Kalam Newsroom2 মিনিট পড়া
সোনামুড়ার বিভিন্ন স্থানে সিপিআইএমের উদ্যোগে ১১০তম নভেম্বর বিপ্লব দিবস পালন

গোটা রাজ্যের সঙ্গে সোনামুড়া মহকুমার বিভিন্ন স্থানে সিপিআইএমের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ১১০তম মহান নভেম্বর বিপ্লব দিবস। শনিবার সকালে মহকুমার রবীন্দ্রনগর, নলছর এবং সোনামুড়া প্রাণকেন্দ্র এলাকার পার্টি অফিস প্রাঙ্গণে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

রবীন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে সকাল ৮টায় পার্টি অফিস প্রাঙ্গণে দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সেখানে নেতৃত্ব দেন অঞ্চল সম্পাদক মিজান মিয়া। অন্যদিকে, নলছর পার্টি অফিস প্রাঙ্গণেও উল্লেখযোগ্য সংখ্যক দলীয় কর্মী-সমর্থকের উপস্থিতিতে দিনটি পালন করা হয়। সোনামুড়া প্রাণকেন্দ্র এলাকার পার্টি অফিস প্রাঙ্গণেও একইভাবে দলীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম মহকুমা সম্পাদক শ্যামল চক্রবর্তী-সহ অন্যান্য নেতৃত্ব।

কর্মসূচির দ্বিতীয় পর্বে নভেম্বর বিপ্লবের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন দলের নেতারা। বক্তব্য রাখতে গিয়ে তাঁরা অভিযোগ করেন, দেশে গণতন্ত্র, সমাজতন্ত্র ও আইনের শাসন আজ প্রশ্নের মুখে। তাঁদের দাবি, সন্ত্রাস, দুর্নীতি, তোলাবাজি, ভোট লুট, নারী নির্যাতনের পাশাপাশি কাজ, খাদ্য ও বেকার যুবকদের কর্মসংস্থানের সংকটও ক্রমশ প্রকট হচ্ছে। এই পরিস্থিতিতে আগামী দিনে আন্দোলন ও সংগ্রাম আরও তীব্র করার জন্য তাঁরা দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দেশ ও রাজ্য বর্তমানে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় দলমত নির্বিশেষে সমাজের সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে জনস্বার্থে আন্দোলনকে আরও জোরদার করতে হবে। বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তপন দাস, সিপিআইএম জেলা কমিটির নেতা রাধাবল্লভ দেবনাথ-সহ মহকুমা ও অঞ্চল স্তরের অন্যান্য নেতৃত্ব।