শান্তিরবাজার পুর পরিষদে বিরোধীশূন্য মনোনয়ন, শাসকদল ছাড়া কেউ জমা দিল না
শেষ পর্যন্ত শাসকদল ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলের প্রার্থী শান্তিরবাজার পুর পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন না। বিরোধীদের একাধিক অভিযোগ, রাজনৈতিক চাপানউতোর এবং বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ালেও মনোনয়ন জমার শেষ পর্বে বিরোধী শিবিরের কাউকেই দেখা গেল না।

শেষ পর্যন্ত শাসকদল ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলের প্রার্থী শান্তিরবাজার পুর পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন না। বিরোধীদের একাধিক অভিযোগ, রাজনৈতিক চাপানউতোর এবং বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ালেও মনোনয়ন জমার শেষ পর্বে বিরোধী শিবিরের কাউকেই দেখা গেল না। ফলে শান্তিরবাজার পুর পরিষদ নির্বাচনে কার্যত বিরোধীশূন্য পরিস্থিতি তৈরি হয়েছে।
উল্লেখ্য, মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বিরোধী দলগুলি অভিযোগ করে আসছিল, তাদের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি গড়ায় উচ্চ আদালত পর্যন্ত। কিন্তু আদালতের দ্বারস্থ হওয়ার পরও শেষ পর্যন্ত বিরোধী দলগুলির কোনও প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি কিংবা জমা দিতে পারেননি।
অন্যদিকে, মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখা হয়নি বলে দাবি করেছেন শান্তিরবাজারের মহকুমা শাসক। তাঁর বক্তব্য, মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। ফ্ল্যাগ মার্চ থেকে শুরু করে নিরাপত্তা সংক্রান্ত একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। নিরাপত্তার প্রশ্নে প্রশাসনের তরফে কোনও ধরনের গাফিলতি রাখা হয়নি বলেও দাবি করেন তিনি।
তবে প্রশাসনের নিরাপত্তা সংক্রান্ত দাবি এবং বিরোধীদের বাধাদানের অভিযোগের মধ্যে শান্তিরবাজার পুর পরিষদ নির্বাচনে শেষ পর্যন্ত শাসকদল ছাড়া অন্য কারও মনোনয়ন জমা না দেওয়ার ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।