ব্রেকিংরাজনীতি

মন্ত্রী টিংকু রায়ের উপস্থিতিতে কৈলাশহরে বিজেপির ১৭ প্রার্থীর মনোনয়ন জমা, উন্নয়নের নিরিখে জয়ের প্রত্যাশা

ঊনকোটি জেলা বিজেপি কার্যালয় প্রাঙ্গণ থেকে ১৭ জন প্রার্থীকে নিয়ে এক সুসজ্জিত মিছিল বের হয়। শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে মিছিলটি মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, বিজেপির ঊনকোটি জেলা সভাপতি বিমল কর, প্রাক্তন দুই বিধায়ক মলিনা দেবনাথ ও মবস্বর আলী, বিজেপি নেতা অরুণ সাহা, কৈলাশহর পুর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন চপলা রানী দেবরায় এবং বিজেপি নেতা শ্যাম কুমার সিনহা-সহ অন্যান্য নেতৃত্ব ও বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক।

Pratibadi Kalam Newsroom2 মিনিট পড়া
মন্ত্রী টিংকু রায়ের উপস্থিতিতে কৈলাশহরে বিজেপির ১৭ প্রার্থীর মনোনয়ন জমা, উন্নয়নের নিরিখে জয়ের প্রত্যাশা

আসন্ন কৈলাশহর পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বর্ণাঢ্য মিছিল ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে ১৭টি ওয়ার্ডেই দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যের মন্ত্রী টিংকু রায়ের উপস্থিতিতে দলীয় নেতৃত্ব ও প্রার্থীরা মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার শান্তিময় দেববর্মার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন জমা দেওয়ার আগে শহরের পাইতুরবাজারে অবস্থিত ঊনকোটি জেলা বিজেপি কার্যালয় প্রাঙ্গণ থেকে ১৭ জন প্রার্থীকে নিয়ে এক সুসজ্জিত মিছিল বের হয়। শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে মিছিলটি মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, বিজেপির ঊনকোটি জেলা সভাপতি বিমল কর, প্রাক্তন দুই বিধায়ক মলিনা দেবনাথ ও মবস্বর আলী, বিজেপি নেতা অরুণ সাহা, কৈলাশহর পুর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন চপলা রানী দেবরায় এবং বিজেপি নেতা শ্যাম কুমার সিনহা-সহ অন্যান্য নেতৃত্ব ও বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক।

কৈলাশহর পুর পরিষদের ১৭টি ওয়ার্ডে বিজেপির মনোনীত প্রার্থীরা হলেন—১ নম্বর ওয়ার্ডে সুশান্ত মালাকার, ২ নম্বরে সুপর্ণা চক্রবর্তী, ৩ নম্বরে রুমন আলী, ৪ নম্বরে কার্তিক চন্দ্র দাস, ৫ নম্বরে পিংকি দাস, ৬ নম্বরে অপর্ণা রায়, ৭ নম্বরে সংঘমিত্রা দে, ৮ নম্বরে শ্যামল দাসগুপ্ত, ৯ নম্বরে সুরজিৎ চৌধুরী, ১০ নম্বরে ভার্গব দত্ত, ১১ নম্বরে শ্যামাপ্রসাদ রায়, ১২ নম্বরে মামলি দাস, ১৩ নম্বরে পাঞ্চালী পালিত, ১৪ নম্বরে ইপ্সিতা দাস, ১৫ নম্বরে প্রশান্ত মিত্র, ১৬ নম্বরে সুমা ঘোষ এবং ১৭ নম্বর ওয়ার্ডে শিবানী সিনহা।

মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিংকু রায় দাবি করেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর গত আট বছরে কৈলাশহর পুর পরিষদ এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে এবং সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। তাঁর বক্তব্য, বিগত ৫০ বছরে যে পরিকাঠামোগত উন্নয়ন হয়নি, গত কয়েক বছরে ইনডোর হল, স্পোর্টস কমপ্লেক্স, যুব আবাস, ওয়ার্কিং উইমেন হোস্টেল, আধুনিক মহকুমা শাসক ভবন, পূর্ত দপ্তর ও আদালত ভবন নির্মাণের পাশাপাশি রাস্তাঘাট এবং নিকাশি ব্যবস্থার উন্নয়ন হয়েছে।

মন্ত্রী আরও জানান, এবারের নির্বাচনে তরুণ, শিক্ষিত ও সমাজসেবামুখী ব্যক্তিদের প্রার্থী করা হয়েছে। কৈলাশহরের সার্বিক উন্নয়নের ধারা বজায় রাখা এবং রাজ্য সরকারের ‘শ্রেষ্ঠ ত্রিপুরা’ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষ উন্নয়নের পক্ষেই রায় দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাঁর দাবি, বিজেপির ১৭ জন প্রার্থীই বিপুল ভোটে জয়ী হবেন।