মনোনয়ন দাখিলেই শক্তির জানান বিজেপির, পৌর নির্বাচন ঘিরে ২০২৮-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতির ইঙ্গিত!
খোয়াই শহরে কার্যত শক্তি প্রদর্শনের মেজাজে দেখা গেল বিজেপিকে। রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে এই শক্তি প্রদর্শনের মধ্য দিয়েই যেন ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির ঢাকেও কাঠি পড়ে গেল।এদিন খোয়াই পৌর পরিষদের ১৫টি ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলান কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই বিজেপি জেলা সভাপতি সমীর কুমার দাস, খোয়াই জেলা প্রভারি তাপস মজুমদার এবং ধলাই জেলার সহ-প্রভারি সুব্রত মজুমদারসহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

খোয়াই::
পৌর নির্বাচনের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করেই নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিল শাসক দল বিজেপি। সুসজ্জিত মিছিল, বাদ্যযন্ত্রের তালে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস এবং দলীয় পতাকায় সাজানো রাজপথ—সব মিলিয়ে বৃহস্পতিবার খোয়াই শহরে কার্যত শক্তি প্রদর্শনের মেজাজে দেখা গেল বিজেপিকে। রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে এই শক্তি প্রদর্শনের মধ্য দিয়েই যেন ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির ঢাকেও কাঠি পড়ে গেল।
এদিন খোয়াই পৌর পরিষদের ১৫টি ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলান কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই বিজেপি জেলা সভাপতি সমীর কুমার দাস, খোয়াই জেলা প্রভারি তাপস মজুমদার এবং ধলাই জেলার সহ-প্রভারি সুব্রত মজুমদারসহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি এগিয়ে যায় অফিসটিলায় অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয়ের দিকে। সেখানে বিজেপির মনোনীত ১৫ জন প্রার্থীই নিজ নিজ ওয়ার্ডের হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এদিন বিধায়ক পিনাকী দাস চৌধুরী ১৫টি ওয়ার্ডেই বিজেপির জয়লাভের ব্যাপারে ব্যাপক আশাবাদ ব্যক্ত করেন। তাঁর বক্তব্য, এবারের পৌর নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিজেপির প্রতি ব্যাপক সমর্থন লক্ষ্য করা যাচ্ছে।
বিরোধী সিপিআই(এম) ও কংগ্রেসের বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্র কোনওভাবেই নির্বাচনে কাজে আসবে না বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। ভোটের মধ্য দিয়েই বিরোধীদের উপযুক্ত জবাব দেবেন ভোটাররা এবং তাদের জামানত জব্দ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিজেপির মনোনীত প্রার্থীরা হলেন—১ নম্বর ওয়ার্ডে ঊষা রানী সিংহ, ২ নম্বরে চিরন্তন দাস, ৩ নম্বরে ঝর্ণা দেব বিশ্বাস, ৪ নম্বরে দেবাশীষ নাথ শর্মা, ৫ নম্বরে সত্যব্রত বিশ্বাস, ৬ নম্বরে স্বপ্না দত্ত, ৭ নম্বরে সাবিত্রী নম দাস, ৮ নম্বরে পঙ্কজ চৌধুরী, ৯ নম্বরে কমলা দেবনাথ, ১০ নম্বরে উর্মিলা রায়, ১১ নম্বরে সাগর দেব, ১২ নম্বরে নিবাস চন্দ্র সাহা, ১৩ নম্বরে সুমিতা ভট্টাচার্য, ১৪ নম্বরে দেবব্রত সূত্রধর এবং ১৫ নম্বর ওয়ার্ডে পীযূষ কান্তি চৌধুরী।
উল্লেখ্য, খোয়াই পৌর পরিষদের ১৫টি ওয়ার্ডেই প্রার্থী দিয়ে পূর্ণাঙ্গ শক্তি নিয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছে বিজেপি। মনোনয়ন দাখিলের দিন দলীয় মিছিলের ব্যাপকতা ও নেতৃত্বের উপস্থিতি রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে শাসক দলের এই শক্তি প্রদর্শন এবং ১৫টি আসনেই জয়ের দাবি শেষ পর্যন্ত ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হয়, এখন সেদিকেই নজর খোয়াইয়ের রাজনৈতিক মহলের। আগামী ২৭ নভেম্বরের পৌর নির্বাচনেই স্পষ্ট হবে শহরের ভোটারদের প্রকৃত রায়।