ব্রেকিংপ্রথম পাতা

ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল শয্যাশায়ী বৃদ্ধের, সর্বস্ব হারিয়ে অসহায় প্রতিবন্ধী ছেলে

চোখের সামনে বাবাকে আগুনের গ্রাসে হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন তাঁর শারীরিক প্রতিবন্ধী ছেলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দমদমা গ্রাম পঞ্চায়েতের দাসটিলায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা সাব্রুম মহকুমায়।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল শয্যাশায়ী বৃদ্ধের, সর্বস্ব হারিয়ে অসহায় প্রতিবন্ধী ছেলে

সাব্রুম।। গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন এক শয্যাশায়ী দিব্যাংগ বৃদ্ধ। চোখের সামনে বাবাকে আগুনের গ্রাসে হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন তাঁর শারীরিক প্রতিবন্ধী ছেলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দমদমা গ্রাম পঞ্চায়েতের দাসটিলায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা সাব্রুম মহকুমায়।

জানা গেছে, গভীর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সময় হঠাৎই আগুন লাগে বাড়িতে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং গোটা ঘর গ্রাস করে নেয়। সেই সময় ঘরের ভেতরে শয্যাশায়ী অবস্থায় ছিলেন বৃদ্ধ মানিকচন্দ্র দাস। বাবাকে আগুনের হাত থেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন তাঁর শারীরিক প্রতিবন্ধী ছেলে সঞ্জিত দাস। দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে বাবাকে উদ্ধারের চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে প্রাণ হারান মানিকচন্দ্র দাস।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে ছুটে আসে সাব্রুম থানার পুলিশও। দমকল কর্মীদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হলেও ততক্ষণে পরিবারটির সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।

এই আকস্মিক অগ্নিকাণ্ডের কারণ নিয়ে নানা প্রশ্ন উঠলেও তা এখনও স্পষ্ট নয়। একদিকে বাবাকে হারানোর শোক, অন্যদিকে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে সঞ্জিত দাস এখন চরম অসহায় অবস্থায়। স্থানীয়দের সহায়তা ও প্রশাসনের উদ্যোগে পরিবারটির পাশে দাঁড়ানোর দাবি উঠেছে।