বিদ্যুৎ বিলের অতিরিক্ত চার্জ প্রত্যাহার-সহ একাধিক দাবিতে বিশ্রামগঞ্জে মিছিল, পথসভা ও ডেপুটেশন
স্মার্ট ও প্রি-পেইড মিটারের নামে হয়রানি এবং রাজ্য বিদ্যুৎ নিগমের বেসরকারিকরণের প্রতিবাদ-সহ একাধিক দাবিতে মিছিল, পথসভা ও ডেপুটেশন কর্মসূচি পালন করল বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সংগঠনের বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে বিশ্রামগঞ্জ বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চড়িলাম, ।। বিদ্যুৎ গ্রাহকদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো, স্মার্ট ও প্রি-পেইড মিটারের নামে হয়রানি এবং রাজ্য বিদ্যুৎ নিগমের বেসরকারিকরণের প্রতিবাদ-সহ একাধিক দাবিতে মিছিল, পথসভা ও ডেপুটেশন কর্মসূচি পালন করল বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সংগঠনের বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে বিশ্রামগঞ্জ বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে বিশ্রামগঞ্জ মোটরস্ট্যান্ডে পথসভা করেন সংগঠনের সদস্যরা। পরে সিপাহিজলা জেলা বিদ্যুৎ সার্কেলের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি তুলে দেন তাঁরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক নটরাজ দত্ত, বিশালগড় মহকুমা কমিটির সভাপতি হরিশঙ্কর দেবনাথ, সম্পাদক দীপক পাল এবং নেতৃত্ব রণবীর রায়, বিপিন দেববর্মা ও দুলন হাজারী।
স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, রাজ্য বিদ্যুৎ নিগমের বেসরকারিকরণের প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। বিদ্যুৎ বিলে ফিক্সড চার্জ, ফুয়েল চার্জ ও ডিউটি চার্জ প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ আইন সংশোধনী বিল, ২০২৫ অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি রাজ্য বিদ্যুৎ নিগমে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগ বন্ধ, ফ্র্যাঞ্চাইজি প্রথা বাতিল এবং বিদ্যুৎ চুরি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়। স্মার্ট মিটারের নামে অতিরিক্ত বিদ্যুৎ মাসুল চাপানো এবং প্রি-পেইড মিটারের নামে গ্রাহক হয়রানি বন্ধেরও দাবি তোলেন তাঁরা।
এদিকে, পথসভা চলাকালীন একই সময়ে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যাওয়ার জন্য ওই এলাকা দিয়ে রওনা হন। তাঁদের গাড়িতে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানোয় সংগঠনের পথসভা ব্যাহত হয় বলে অভিযোগ। এর ফলে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পথসভা শেষ করতে বাধ্য হন সংগঠনের কর্মকর্তারা। পরে তাঁরা ডেপুটেশন জমা দিতে বিদ্যুৎ সার্কেল অফিসে চলে যান।
সংগঠনের প্রতিনিধিদের দাবি-দাওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার।