ব্রেকিংপ্রথম পাতা

বাইক বসে সেলফির তোলার খেসারত, জোলাইবাড়ি সিএসসি-তে চিকিৎসারত বৃদ্ধ, ছিটকে গেল যুবতীর দাঁত

চলন্ত বাইকে সেলফি তুলতে গিয়ে পথচারীকে সজোরে ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন চালকসহ তিন জন।

Pratibadi Kalam Newsroom2 মিনিট পড়া
বাইক বসে সেলফির তোলার খেসারত, জোলাইবাড়ি সিএসসি-তে চিকিৎসারত বৃদ্ধ, ছিটকে গেল যুবতীর দাঁত

জোলাইবাড়ি বাইকের হ্যান্ডেলে নিয়ন্ত্রণ রেখে চোখ ছিল মোবাইল স্ক্রিনে—আর সেই এক মুহূর্তের অসাবধানতাই ডেকে আনল ভয়াবহ পরিণতি। চলন্ত বাইকে সেলফি তুলতে গিয়ে পথচারীকে সজোরে ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন চালকসহ তিন জন।

জোলাইবাড়ি সাগরঢেবা ব্রিজের সংলগ্ন এলাকায় ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ছটফট করতে দেখা যায় আহতদের। এক সাংবাদিকের মানবিক সাহায্যে তাঁদের দ্রুত জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ায় বড় ধরণের প্রাণহানির হাত থেকে রক্ষা মেলে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, উদয়পুরের দিক থেকে একটি বাইকে (নম্বর TR-01-BB-7567) চড়ে সাচিরাম বাড়ি ধনঞ্জয় পার্কের উদ্দেশ্যে যাচ্ছিলেন মহোত্তম দেবনাথ সহ এক যুবতী। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাইকের গতি কম থাকলেও চালক ও তাঁর সঙ্গীর প্রধান মনোযোগ ছিল সেলফি তোলার দিকে। পথচলতি ৭৩ বছরের বৃদ্ধ সুভাষচন্দ্র দত্তকে হঠাৎ সজোরে ধাক্কা মেরে তাঁরা ছিটকে পড়েন।

এই সংঘর্ষে জখম হন বৃদ্ধ সুভাষচন্দ্র দত্ত। অন্যদিকে, বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন ২০ বছরের তরুণী তমান্না বনিক (পিতা: মাধব বনিক)। তাঁর কপালে গভীর চোট লেগে সেলাই পড়েছে এবং মুখের দুটি দাঁত সম্পূর্ণ ভেঙে যাওয়ার পাশাপাশি আরেকটি দাঁত নড়ে গিয়ে খুলে পড়ার উপক্রম হয়েছে।সাব্রুম থেকে বিলোনিয়াগামী সাংবাদিক প্রসেনজিৎ বৈদ্য রক্তাক্ত যুবতীকে নিজের গাড়িতে তুলে তাৎক্ষণিকভাবে জোলাইবাড়ি সিএসসি-তে নিয়ে আসেন।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা ও ড্রেসিং সম্পন্ন করলেও তমান্নার শারীরিক অবস্থা দেখে তাঁকে অবিলম্বে দন্ত চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে খবর পেয়ে জোলাইবাড়ি আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে,এ ধরনের বেপরোয়া দুর্ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। আজকের এই দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সামান্য একটু সোশ্যাল মিডিয়া বা সেলফির নেশা কীভাবে মুহূর্তের মধ্যে একটি পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে।