পৌর নির্বাচনে বিলোনিয়া বিজেপি দলের ১৭ জন মনোনীত প্রার্থী মনোনয়ন জমা।
শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে বিলোনিয়া পৌর পরিষদের ১৭টি ওয়ার্ডেই মনোনয়নপত্র দাখিল করলেন বিজেপি দলের মনোনীত প্রার্থীরা। শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বিলোনিয়া জেলা বিজেপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এক বর্ণাঢ্য মিছিল।

শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে বিলোনিয়া পৌর পরিষদের ১৭টি ওয়ার্ডেই মনোনয়নপত্র দাখিল করলেন বিজেপি দলের মনোনীত প্রার্থীরা। শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বিলোনিয়া জেলা বিজেপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এক বর্ণাঢ্য মিছিল।পদ্মফুল প্রতীকে ভোট দিয়ে বিজেপি মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানিয়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিছিল।
দলীয় পতাকা, রংবেরঙের বেলুন, ব্যানার, দলীয় সংগীত এবং ব্যান্ড পার্টির তালে তালে উৎসবের আমেজে মেতে ওঠেন দলীয় কর্মী-সমর্থকরা। শুধু স্লোগান নয়, দলীয় গানের তালে তালে নাচতেও দেখা যায় কর্মী-সমর্থক থেকে শুরু করে নেতৃত্বদের।এই বর্ণাঢ্য মিছিলে জেলা, মণ্ডল ও বুথ স্তরের নেতৃত্বসহ অসংখ্য দলীয় কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মিছিলে অন্যান্যদের সঙ্গে পা মেলান মন্ত্রী টিংকু রায়, প্রদেশ বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতি তথা টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক, জেলা বিজেপি সভাপতি দ্বীপায়ন চৌধুরী, বিলোনিয়া মণ্ডল সভাপতি সায়ন্তন দত্ত, ঋষ্যমুখ মণ্ডল সভাপতি নকুল পাল, প্রাক্তন মণ্ডল সভাপতি অশেষ বৈদ্য, জেলা সাধারণ সম্পাদক বিপ্লব সেন সহ অন্যান্য নেতৃত্ব।
বিলোনিয়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি এসে শেষ হয় থানার কর্নার এলাকায়। সেখান থেকে ১৭টি ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থীরা তাঁদের প্রস্তাবকদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হন এবং একে একে মনোনয়নপত্র জমা দেন।মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিকসহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ।
সব মিলিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিলোনিয়ায় বিজেপির এই বর্ণাঢ্য মিছিল ও মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।