ধর্মনগরে ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের মহকুমা কনভেনশন অনুষ্ঠিত
বৃহস্পতিবার বেলা ১২টায় সিপিআই(এম)-এর ধর্মনগর মহকুমা কার্যালয়ে এক মহকুমা কনভেনশন অনুষ্ঠিত হয়। তিলক দেব্বর্মার সভাপতিত্বে আয়োজিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রাজেন্দ্র রিয়াং, উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অভিজিৎ দে এবং ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের ধর্মনগর মহকুমা সম্পাদক প্রসন্ন ত্রিপুরা।

ধর্মনগর।। ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১২টায় সিপিআই(এম)-এর ধর্মনগর মহকুমা কার্যালয়ে এক মহকুমা কনভেনশন অনুষ্ঠিত হয়। তিলক দেব্বর্মার সভাপতিত্বে আয়োজিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রাজেন্দ্র রিয়াং, উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অভিজিৎ দে এবং ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের ধর্মনগর মহকুমা সম্পাদক প্রসন্ন ত্রিপুরা।
বিগত ভিলেজ কমিটি নির্বাচনে যাঁরা প্রার্থী ও প্রস্তাবক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তাঁদের নিয়ে আলোচনা ও মতবিনিময় করাই ছিল এই কনভেনশনের মূল উদ্দেশ্য। সভায় অংশগ্রহণকারী বক্তারা জানান, নির্বাচনে অংশ নেওয়া অনেকেই সিপিআই(এম) সমর্থিত পরিবারের সদস্য হলেও ব্যক্তিগতভাবে রাজনীতির ক্ষেত্রে নতুন। নির্বাচনে পরাজয়ের মুখোমুখি হলেও সংশ্লিষ্ট প্রার্থীদের পাশে সাধারণ মানুষের সমর্থন এখনও রয়েছে বলে কনভেনশনে মত প্রকাশ করা হয়।
কনভেনশনকে সফল বলে অভিহিত করে বক্তব্য রাখতে গিয়ে সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রাজেন্দ্র রিয়াং বিজেপি ও তিপ্রা মথার রাজনৈতিক সমঝোতা নিয়ে সমালোচনা করেন। তিনি দাবি করেন, শাসক বিজেপি ও তিপ্রা মথার মধ্যে উপরিভাগে জোট হলেও তৃণমূল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের একাংশ তা মেনে নিতে পারেননি। বিগত ভিলেজ কমিটি নির্বাচনে তার প্রতিফলন দেখা গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রাজেন্দ্র রিয়াং আরও অভিযোগ করেন, নির্বাচনে বিজেপি ও তিপ্রা মথা পৃথকভাবে প্রার্থী দেওয়ায় দুই দলের অভ্যন্তরীণ মতবিরোধ, বিশৃঙ্খলা ও কোন্দল প্রকাশ্যে চলে আসে। তাঁর মতে, এই নির্বাচনের মধ্য দিয়েই রাজ্যের মানুষ শাসক জোটের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি প্রত্যক্ষ করেছেন।