ছাগলকে বাঁচাতে গিয়ে কাকড়াবন ব্লক চৌমুহনীতে উল্টে গেল যাত্রীবোঝাই অটো, আহত ৮
রাস্তার উপর আচমকা চলে আসা ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটো। শনিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ কাকড়াবন ব্লক চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনায় অটোচালকসহ মোট আটজন আহত হয়েছেন

কাকড়াবন ।। রাস্তার উপর আচমকা চলে আসা ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটো। শনিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ কাকড়াবন ব্লক চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনায় অটোচালকসহ মোট আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মহিলা, শিশু ও বৃদ্ধাও রয়েছেন। দুর্ঘটনায় অটোচালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, TR07 B 1987 নম্বরের একটি ব্যাটারিচালিত অটো মেলাঘর থেকে উদয়পুরের উদ্দেশ্যে যাচ্ছিল। অটোটি কাকড়াবন ব্লক চৌমুহনী এলাকায় পৌঁছতেই আচমকা রাস্তার উপর চলে আসে একটি ছাগল। ছাগলটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে চালক অটোর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর জেরে মুহূর্তের মধ্যেই যাত্রীবোঝাই অটোটি রাস্তার উপর উল্টে যায়। দুর্ঘটনার অভিঘাতে অটোর ভিতরে থাকা চালকসহ আটজন আহত হন।
দুর্ঘটনার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাকড়াবন অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। তাঁরা উদ্ধারকাজ চালিয়ে আহত আটজনকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য কাকড়াবন সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আহতদের প্রাথমিক চিকিৎসা করেন। তবে অটোচালকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকি আহতদেরও চিকিৎসা চলছে বলে জানা গেছে।
এই দুর্ঘটনার পর ফের সামনে এসেছে রাস্তায় গৃহপালিত পশুর অবাধ বিচরণের বিষয়টি। রাস্তার উপর পশু ছেড়ে রাখার ফলে একদিকে যেমন যান চলাচলে বিঘ্ন ঘটছে, অন্যদিকে তেমনি চালক ও যাত্রীদের জীবনও ঝুঁকির মুখে পড়ছে। একটি ছাগলকে বাঁচাতে গিয়ে যাত্রীবোঝাই অটো উল্টে যাওয়ার ঘটনায় পশুর মালিকদের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন উঠছে। একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।