খোয়াইয়ে নির্বাচনী হিংসার অভিযোগে সিপিআই(এম)-এর বিক্ষোভ, থানায় ডেপুটেশন দিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবি
খোয়াই পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসা, হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সরব হল সিপিআই(এম)। বিরোধী দলের প্রার্থী ও সমর্থকদের উপর একের পর এক হামলার অভিযোগে শুক্রবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে দলটি। পাশাপাশি অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবিতে খোয়াই থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে লিখিত ডেপুটেশন প্রদান করে সিপিআই(এম)-এর খোয়াই মহকুমা কমিটি

খোয়াই:: খোয়াই পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসা, হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সরব হল সিপিআই(এম)। বিরোধী দলের প্রার্থী ও সমর্থকদের উপর একের পর এক হামলার অভিযোগে শুক্রবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে দলটি। পাশাপাশি অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবিতে খোয়াই থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে লিখিত ডেপুটেশন প্রদান করে সিপিআই(এম)-এর খোয়াই মহকুমা কমিটি।
এদিন সিপিআই(এম)-এর খোয়াই মহকুমা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে খোয়াই থানার প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। সেখানে একটি প্রতিবাদ সভায় মিলিত হন মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মী ও সমর্থকরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম বিধায়ক তথা সিপিআই(এম) খোয়াই মহকুমা কমিটির সম্পাদক নির্মল বিশ্বাস, দলের রাজ্য কমিটির সদস্য পলাশ ভৌমিক, বাম নেতা গৌতম পাল-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
প্রতিবাদ সভায় বাম নেতৃত্বের অভিযোগ, গত ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকেই খোয়াই পৌর এলাকার বিভিন্ন স্থানে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। বিরোধী দলের প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী কার্যকলাপে বাধা দেওয়ার পাশাপাশি তাঁদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। বিভিন্ন এলাকায় হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় নির্বাচনের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
থানায় জমা দেওয়া ডেপুটেশনে বিশেষভাবে ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থীর প্রস্তাবক রতন দাস এবং ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থীর প্রস্তাবক কৌশিক ঘোষের বাড়িতে হামলার অভিযোগ তুলে ধরা হয়। সিপিআই(এম)-এর দাবি, ওই ঘটনায় পরিবারের সদস্যরা আক্রান্ত হন এবং বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি গত ৪ নভেম্বর রাতে ৯ নম্বর ওয়ার্ডের সিপিআই(এম) প্রার্থী কানু পাল ও তাঁর স্ত্রীর উপর তাঁদের বাড়িতে হামলা চালানোর অভিযোগও ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনায় কানু পাল গুরুতর আহত হন এবং উন্নত চিকিৎসার জন্য তাঁকে আগরতলায় পাঠানো হয় বলে অভিযোগপত্রে জানানো হয়েছে।
পরবর্তীতে বিক্ষোভ সভা থেকে বিধায়ক নির্মল বিশ্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খোয়াই থানায় গিয়ে ভারপ্রাপ্ত আধিকারিক ওসি প্রজিৎ মালাকারের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর হাতে লিখিত ডেপুটেশন তুলে দিয়ে উল্লিখিত ঘটনাগুলির নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
পাশাপাশি আক্রান্ত পরিবারগুলির নিরাপত্তা নিশ্চিত করা এবং স্পর্শকাতর এলাকাগুলিতে পর্যাপ্ত পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েনের দাবিও জানিয়েছে সিপিআই(এম)। নির্বাচনে অংশগ্রহণকারী সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী, কর্মী ও সমর্থকরা যাতে নিরাপদে তাঁদের নির্বাচনী কার্যকলাপ পরিচালনা করতে পারেন, তা নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে সাধারণ ভোটাররা যাতে কোনও ধরনের হুমকি, ভয়ভীতি বা প্রভাবের মুখে না পড়ে স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে প্রশাসনের কার্যকর ভূমিকা দাবি করেছে বাম নেতৃত্ব। তাঁদের বক্তব্য, গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, শান্তি ও নিরপেক্ষতা বজায় রাখতে পুলিশ প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।