কদমতলার বড়গোলে ৭২ ফুটের কাল্পনিক মন্দিরে শ্যামা আরাধনা, বিশেষ আকর্ষণ চামুণ্ডেশ্বরীর দশ রূপ
প্রতি বছরের মতো এবারও নতুনত্ব, সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে দর্শনার্থীদের সামনে এক ব্যতিক্রমী পুজোর আয়োজন করতে চলেছে ইউথ ক্লাব কর্তৃপক্ষ। ইতিমধ্যেই দিনরাত এক করে চলছে মণ্ডপ নির্মাণ, প্রতিমার সাজসজ্জা এবং চোখধাঁধানো আলোকসজ্জার কাজ। এবারের পুজোর অন্যতম প্রধান আকর্ষণ ৭২ ফুট উচ্চতার এক বিশাল কাল্পনিক মন্দির।

দীপাবলির আলোর উৎসবের আবহে শ্যামা মায়ের আরাধনাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কদমতলার বড়গোলস্থিত পাইওনিয়ার ইউথ ক্লাবের সদস্যরা। প্রতি বছরের মতো এবারও নতুনত্ব, সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে দর্শনার্থীদের সামনে এক ব্যতিক্রমী পুজোর আয়োজন করতে চলেছে ক্লাব কর্তৃপক্ষ। ইতিমধ্যেই দিনরাত এক করে চলছে মণ্ডপ নির্মাণ, প্রতিমার সাজসজ্জা এবং চোখধাঁধানো আলোকসজ্জার কাজ।
এবারের পুজোর অন্যতম প্রধান আকর্ষণ ৭২ ফুট উচ্চতার এক বিশাল কাল্পনিক মন্দির। উদ্যোক্তাদের দাবি, কদমতলায় এত উঁচু মণ্ডপ সম্ভবত এই প্রথম তৈরি হচ্ছে। সুদূর নবদ্বীপ থেকে আসা দক্ষ কারিগরদের নিপুণ হাতে গড়ে উঠছে এই ব্যতিক্রমী মন্দির। মণ্ডপের উচ্চতার পাশাপাশি ভাবনা ও উপস্থাপনাতেও থাকছে একাধিক চমক।
বিশেষ আকর্ষণ হিসেবে তুলে ধরা হবে মহামায়া চামুণ্ডেশ্বরীর অপরূপ রূপায়ণ, যেখানে দর্শনার্থীরা দেখতে পাবেন কালীমায়ের দশটি রূপ। পাশাপাশি বিভিন্ন পৌরাণিক যুদ্ধ ও খণ্ডযুদ্ধের দৃশ্য এবং মনোমুগ্ধকর আলোকসজ্জার প্রদর্শনী পুজোর আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে। সব মিলিয়ে, এবারের শ্যামা আরাধনায় দর্শনার্থীদের জন্য এক ভিন্নধর্মী অভিজ্ঞতা উপহার দিতে প্রস্তুত পাইওনিয়ার ইউথ ক্লাব।