বাম প্রার্থীদের মনোনয়ন জমায় পুলিশি নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের, ডিজিপিকে সময়সীমা আজ
মোহনপুর-সহ পাঁচটি মহকুমায় সিপিআইএম প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে দায়ের হওয়া মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্ট। পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করে বাম প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ নিশ্চিত করতে রাজ্য পুলিশের মহাপরিচালককে (ডিজিপি) নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

সিপিআইএমের পক্ষ থেকে দায়ের করা রিট পিটিশন নম্বর ৮১২/২০২৬-এর শুনানিতে এই নির্দেশ দেন বিচারপতি সব্যসাচী দত্ত পুরকায়স্থ। আদালতের নির্দেশ অনুযায়ী, শুক্রবারের মধ্যেই বাম প্রার্থীরা যাতে মনোনয়নপত্র জমা দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে ডিজিপিকে। প্রয়োজনে প্রার্থীদের পুলিশি নিরাপত্তা দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।
উল্লেখ্য, মোহনপুর-সহ রাজ্যের আরও চারটি মহকুমায় নিরাপত্তার অভাব এবং বাধার মুখে পড়ে সিপিআইএম প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ করে আসছিল বাম শিবির। এই অভিযোগের ভিত্তিতেই দলের পক্ষ থেকে হাইকোর্টের দ্বারস্থ হওয়া হয়। আদালতের নির্দেশের পর সংশ্লিষ্ট এলাকাগুলিতে বাম প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।