বক্সনগরের রহিমপুর বাজারে গোডাউনের শাটার ভেঙে উদ্ধার বিপুল পরিমাণ বাজি
বক্সনগরের রহিমপুর বাজারে একটি গোডাউনের শাটার ভেঙে বিপুল পরিমাণ বাজি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বাজিগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কিংবা বিএসএফের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

জানা গেছে, কিছুদিন আগে বক্সনগরের আশাবাড়ি এলাকায় পাচারকারীদের হামলার মুখে পড়েছিলেন বিএসএফ জওয়ানরা। ওই ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট সীমান্তবর্তী এলাকায় অবৈধ কারবার ও পাচারচক্রের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এদিন রহিমপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি গোডাউনের শাটার ভেঙে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বাজি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া বাজিগুলির প্রকৃত মালিক কে এবং কী উদ্দেশ্যে সেগুলি মজুত করা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ বাজি মজুত করা হয়েছিল কি না, তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। তবে উদ্ধার হওয়া বাজির পরিমাণ, মালিকানা এবং পাচারের সম্ভাব্য যোগসূত্র সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও সামনে আসেনি।