পুর নির্বাচনে ইভিএম ব্যবহারে আইনি বৈধতা রয়েছে, স্পষ্ট করল রাজ্য নির্বাচন কমিশন
প্রচলিত আইন ও বিধি মেনেই পুর নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানান, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কমিশন যাবতীয় নির্দেশিকা কার্যকর আইন ও বিধি অনুসারেই জারি করে থাকে।

পুর ও নগর সংস্থা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মনের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করল রাজ্য নির্বাচন কমিশন। প্রচলিত আইন ও বিধি মেনেই পুর নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।
এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানান, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কমিশন যাবতীয় নির্দেশিকা কার্যকর আইন ও বিধি অনুসারেই জারি করে থাকে। তাঁর বক্তব্য, ২০০০ সালের ১১ অক্টোবর ত্রিপুরা মিউনিসিপ্যালিটিজ কন্ডাক্ট অব ইলেকশন রুলসের প্রথম সংশোধনীর মাধ্যমে রুল ৩৩ সংশোধন করে রুল ৩৩এ অন্তর্ভুক্ত করা হয়। সংশোধিত এই বিধিতে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের ক্ষমতা রাজ্য নির্বাচন কমিশনারকে প্রদান করা হয়েছে।
কমিশনের সচিব আরও জানান, সংসদ ও বিধানসভা নির্বাচনে ব্যবহৃত ইভিএমগুলিও পৌর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করার অধিকার রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের। ফলে পুর ও নগর সংস্থা নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত কোনও বিধিবহির্ভূত পদক্ষেপ নয়, বরং প্রচলিত আইন ও বিধির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্পষ্ট করেছেন তিনি।