ধর্মনগর পৌর পরিষদের ২৫টি ওয়ার্ডেই বিজেপির প্রার্থীদের মনোনয়ন জমা, বিরোধীশূন্য বোর্ড গঠনের দাবি কাজল দাসের
পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে উত্তর জেলার ২৫টি ওয়ার্ডেই প্রার্থী দিয়ে মনোনয়নপত্র জমা দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার পদ্মপুরস্থিত উত্তর জেলা বিজেপি কার্যালয়ে দলীয় নেতৃত্ব ও কর্মীরা একত্রিত হওয়ার পর ২৫ জন প্রার্থীকে নিয়ে বর্ণাঢ্য মিছিল বের করেন। মিছিলটি ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরীর কার্যালয়ে পৌঁছায়। সেখানে একে একে প্রত্যেক প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

আসন্ন ধর্মনগর পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে উত্তর জেলার ২৫টি ওয়ার্ডেই প্রার্থী দিয়ে মনোনয়নপত্র জমা দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার পদ্মপুরস্থিত উত্তর জেলা বিজেপি কার্যালয়ে দলীয় নেতৃত্ব ও কর্মীরা একত্রিত হওয়ার পর ২৫ জন প্রার্থীকে নিয়ে বর্ণাঢ্য মিছিল বের করেন। মিছিলটি ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরীর কার্যালয়ে পৌঁছায়। সেখানে একে একে প্রত্যেক প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস, ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ, বিজেপির উত্তর জেলা প্রভারী অভিজিৎ দেব, ধর্মনগর মণ্ডল সভাপতি শ্যামল নাথ এবং বাগবাসা মণ্ডল সভাপতি বিকাশ নাথ-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
এদিন এক সাক্ষাৎকারে উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস দাবি করেন, গতবারের মতো এবারও বিজেপির প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন। শুধু তাই নয়, আসন্ন নির্বাচনে বিরোধীশূন্য ধর্মনগর পৌর পরিষদ গঠনেরও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এবারের বিজেপির প্রার্থী তালিকায় অভিজ্ঞ রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি প্রবীণ ও বিশিষ্ট নাগরিকদের অন্তর্ভুক্তি বিশেষভাবে নজর কেড়েছে। বীর বিক্রম ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা শিক্ষাবিদ শশাঙ্ক শেখর দাসকে ধর্মনগর পৌর পরিষদের ৯ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করেছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বিশিষ্ট এই শিক্ষাবিদকে প্রার্থী করে ভোটারদের কাছে বিশেষ বার্তা দিতে চাইছে দল। তবে এই কৌশল ভোটারদের কতটা আকৃষ্ট করতে পারে, তা নির্বাচনের ফলেই স্পষ্ট হবে। বিজেপির এই প্রার্থী তালিকা এবং বিরোধীশূন্য পৌর পরিষদ গঠনের দাবি ঘিরে এখন ধর্মনগরের রাজনৈতিক মহলে নির্বাচনী সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।