ব্রেকিংরাজনীতি

আমবাসায় বিজেপির প্রার্থী বাছাই ঘিরে ক্ষোভ, নির্দল প্রার্থী যুব মোর্চার মণ্ডল সভাপতি

আমবাসা পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির অন্দরে প্রার্থী বাছাই নিয়ে অসন্তোষ ক্রমশ প্রকাশ্যে আসছে। দলের প্রার্থী তালিকায় ক্ষুব্ধ হয়ে যুব মোর্চার আমবাসা মণ্ডল সভাপতি বিশ্বজিৎ রায় ১০ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
আমবাসায় বিজেপির প্রার্থী বাছাই ঘিরে ক্ষোভ, নির্দল প্রার্থী যুব মোর্চার মণ্ডল সভাপতি

আমবাসা পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির অন্দরে প্রার্থী বাছাই নিয়ে অসন্তোষ ক্রমশ প্রকাশ্যে আসছে। দলের প্রার্থী তালিকায় ক্ষুব্ধ হয়ে যুব মোর্চার আমবাসা মণ্ডল সভাপতি বিশ্বজিৎ রায় ১০ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একইভাবে ৬ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাগরিকা বিশ্বাস।

শুধু তাই নয়, প্রার্থী বাছাই নিয়ে অসন্তোষ প্রকাশ করে আরও বেশ কয়েকজন বিজেপি নেতানেত্রী দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গেছে। তাঁদের ক্ষোভের কেন্দ্রে রয়েছে নির্বাচনে প্রার্থী মনোনয়নের পদ্ধতি। অভিযোগ উঠেছে, আমবাসায় বিজেপির পক্ষ থেকে এমন তিনজনকে প্রার্থী করা হয়েছে, যাঁরা একই পরিবারের সদস্য। এই সিদ্ধান্ত ঘিরেও দলের অভ্যন্তরে প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, যুব মোর্চার মণ্ডল সভাপতি বিশ্বজিৎ রায় নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে বিপুল সংখ্যক সমর্থককে সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়ন কেন্দ্রে যান। তাঁর এই পদক্ষেপ আমবাসায় বিজেপির সাংগঠনিক অস্বস্তিকে আরও প্রকাশ্যে নিয়ে এসেছে। পুর নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই ঘিরে দলের অভ্যন্তরীণ অসন্তোষ শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।